প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন; আর তার জন্য দরকার ৫ থেকে ১০ বছর। কোনো রাজনৈতিক দল এই সংস্কার শেষ করতে পারবে কিনা জানা নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, মালয়েশিয়ায় লোক পাঠাতে স্বচ্ছতা আনতে সমঝোতা স্মারক সংশোধন করা হচ্ছে। সেই সঙ্গে ইউরোপিয়ান দেশগুলোতে লোক পাঠানোর জন্য কাজ চলছে।
বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ‘জাপানে নতুন শ্রম বাজার: কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ক সেমিনারে এসব কথা তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল।
একই সাথে তিনি জানান, দেশে জাপান বিষয়ক ডেডিকেটেড জাপান সেল করা গঠন করা হয়েছে। এছাড়া ছাত্রদের জাপানে ও বিদেশে গিয়ে পড়াশোনার জন্য ব্যাংক লোন দেয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
এদিকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, অবৈধ ও ভুয়া ডকুমেন্টের কারণে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে পিছিয়ে পড়তে হচ্ছে।