বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিনটি কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। আলোচনাটি খুবই বিস্তৃত ছিলো, যেখানে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।
মার্কিন কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট বিষয়ক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে অংশ নেন।
উভয় পক্ষই বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় পুনরায় বৈঠক শুরু করবে। শুক্রবারও আলোচনা চলবে।
৮ জুলাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।
ট্রাম্পের এই চিঠির পরই বিষয়টি নিয়ে আলোচনায় বসলো ঢাকা ও ওয়াশিংটন।