গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত তিনটি হত্যা মামলার মধ্যে তিনটি মামলাই শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুইটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুইটি।

এতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মামলা তদারক করছেন।

দায়ের করা অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়।