বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর সারাদেশের সব মসজিদে এ দোয়া-মোনজাত পরিচালনার জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আগামীকাল বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইফার পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গেলো সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বি.জি.আই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যে সেটি বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু ৩২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।