মাইলস্টোন ট্রাজেডি: বার্নে ভর্তি ৩৩, আইসিইউতে তিনজন

রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৩৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে চিকিৎসাধীন, যারা সবচেয়ে গুরুতর অবস্থায় আছেন। রোগীদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   

এছাড়া আটজন ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে, অর্থাৎ তুলনামূলক কম গুরুতর দগ্ধতায় ভুগছেন। ১৯ জন কেবিনে এবং বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত কোনো রোগীর শারীরিক অবস্থার বড় ধরনের পরিবর্তন হয়নি। এসময় কাউকে ছাড়পত্রও দেয়া হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে কয়েকজনকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

এদিকে যাদের ছাড়পত্র দেয়া হবে, তাদেরও ফলোআপ চিকিৎসার জন্য নিয়মিত বার্ন ইনস্টিটিউটে আসতে হবে। অনেকেরই ভবিষ্যতে অপারেশনের প্রয়োজন হতে পারে।

সরকারি হিসেব অনুযায়ী মাইলস্টোন দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে এখনও ৪৫ দগ্ধ রোগী ভর্তি আছেন।