কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে দেয়া জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে মন্দির উচ্ছেদ করা হয়েছিলো, তা মর্যাদাপূর্ণ হয়নি। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। প্রদান করা এই জমি রেলওয়ের নির্ধারিত মূল্যেই নেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির এই তিন উপাসনালয়ের জন্য নামমাত্র মূল্যে জমি বরাদ্দ দেয় সরকার।
রাজধানীর রেল ভবনে জমি হস্তান্তর অনুষ্ঠানে রেল, ধর্ম এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন।
এসময় সনাতন ধর্মের নেতারা জমি প্রাপ্তিকে ধর্মীয় সম্প্রীতি উল্লেখ করে প্রত্যাশা করেন, আগামী মাসে সার্বজনীন দূর্গা পূজা নির্বিঘ্নে পালিত হবে।
এদিকে চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সিঁড়ি তৈরি করা হবে বলেও জানান প্রেস সচিব।