হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর পুরোপুরি সুস্থ, গণমাধ্যমের এমন খবর সত্য নয়। নুর যে শারীরিক সঙ্কট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনও রয়ে গেছে।
তিনি আরও বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্ত পড়ছে, চোখের নিচে এখনও আঘাতের চিহ্ন, দাঁতের দুই মাড়িতে ব্যথা আছে, মগজের ওপরের হাড় আঘাতপ্রাপ্ত হয়েছে।
নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
নুরকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে এমন অভিযোগ করে রাশেদ বলেন, অবিলম্বে দোষীদের বিচার করতে হবে। নুরের ওপর হামলাকে কেন্দ্র করে পুরো জাতি একত্রিত হয়েছে।
এসময় প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নুরুল হক নুরের খোঁজ রাখার জন্য ধন্যবাদ জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এধরণের হামলা সম্ভব না অভিযোগ করে তিনি বলেন, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।