প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, বছরে (৩৬৫ দিনের মধ্য) মাত্র ১৮০ দিন ক্লাস হয়। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখা হয়। ফলে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
উপদেষ্টা বলেন, সাপ্তাহিক ছুটি কমিয়ে নয় বরং শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে।
সাক্ষরতা দিবস নিয়ে উপদেষ্টা বলেন, বিবিএস’র সবশেষ তথ্য অনুযায়ী দেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭.৯%। ২২.১% জনগোষ্ঠী এখনো নিরক্ষর, যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পরেছে।
মামলার জন্য অনেক শিক্ষকের পদোন্নতি দেয়া যাচ্ছে না। ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবার জন্য অপেক্ষমাণ আছে। তাহলে এতগুলো নতুন পদও সৃষ্টি হবে।
তিনি জানান, ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে শুরু হবে।