দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে চূড়ান্ত সনদ: আলী রীয়াজ

আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। কমিশনের তৃতীয় দফা আলোচনার প্রথম দিন শেষে তিনি জানান, আগামী ১৩ তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলো কাছে চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরকারীদের নাম চাওয়া হবে।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, বাস্তবায়নের একটি প্রক্রিয়ায় ঐকমত্যে পৌঁছাতে পারবো বলে আশা করছি।

চূড়ান্ত সনদের কপি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে-এ কথা জানিয়ে তিনি বলেন, আগামী শনিবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে সনদে স্বাক্ষর করতে দুই জনকে মনোনীত করে নাম পাঠাতে বলা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আজকে বাস্তবায়ন নিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি এজন্য আগামী রোববার আবারও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। 

তিনি আরও বলেন, ৮৪টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে এবং দুই দফা খসড়া পাঠানো হয়েছে। আর চূড়ান্ত সনদের কপি রাজনৈতিক দলকে পাঠানো হবে। সকলের বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না।  

এদিনের আলোচনার মূল বিষয় ছিলো সংবিধান সংস্কার কীভাবে বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল বিশেষ সাংবিধানিক আদেশে সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়। কয়েকটি রাজনৈতিক দল গণভোট ও অধ‍্যাদেশ জারির মাধ‍্যমে সংবিধান সংশোধনের পক্ষে। 

এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রধান উপদেষ্টা বলছিলেন, নির্বাচিত পরবর্তী সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটাই সঠিক পন্থা। এর বাইরে অন্য কোনো বৈধ পন্থা থাকলে সেটাতেও সহযোগিতা করা হবে। কিন্তু অন্য কোনো উপায়ে গেলে এটা হুমকির মুখে পড়তে পারে। এটা আমরা চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।