ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে রেখেছে, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে, বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানিয়ে কেউ জনগণকে জিম্মি করে ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হবো।
আজ কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা, সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, পূজা নিয়ে বেশি আলোচনা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। নিজেদের ভেতরের কোন্দল নিষ্পত্তি করতে হবে।
এসময় ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী শতভাগ দায়িত্ব পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া দীর্ঘদিন কারাগারে বন্দীদের সাজা কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।