রোববার দলগুলোর সাথে শেষবারের মতো আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষত, আগামীকাল (রোববার) অনুষ্ঠেয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে, সেগুলো চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা।

সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতোপূর্বে বিশেষজ্ঞদের প্রদত্ত মতামত ও পরামর্শসমূহ পুনরায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমীতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপে বসেছিলো কমিশন। এসময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক প্রস্তাব দেয় কমিশন। পরে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনা ও দলগুলোর নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য কমিশন ২ অক্টোবর পর্যন্ত সময় দেয়।

এছাড়া দ্বিতীয় ধাপের আলোচনার পর সনদের আইনি ভিত্তি ঠিক কর‍তে বিশেষজ্ঞদের সাথে চার দফায় আলোচনায় বসে কমিশন। খসড়া পাঠানো হয় দলগুলোকেও। 

এরও আগে দুই পর্বের আলোচনায় মোট ৮৪টি বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। রোববার সনদের বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করা গেলে আট মাসে থামবে ঐকমত্য কমিশনের যাত্রা।