তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২১ অক্টোবর) এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এছাড়া কমিটিতে আরো তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক-বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ কমিটির সদস্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়গুলোতে সরকারকে পরামর্শ দেবে এই উপদেষ্টা পরিষদ কমিটি। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজে সহায়তার নির্দেশ দিতে পারবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক এ ধরনের তিনটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার।