জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, এই বিষয়ে আদেশ আজ রোববার (২ নভেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেবেন।
হানিফ ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই বর্তমানে পলাতক।
ইতোমধ্যেই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, একই ট্রাইব্যুনালে ভিন্ন মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও কুষ্টিয়ায় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।
এর আগে অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন।