নির্বাচনে ৪০ হাজারের চেয়ে কম বডি ক্যামেরা কিনবে সরকার: অর্থ উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এর অগ্রগতি কি জানতে চাইলে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা আসবে হয়ত এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব এম্বিশিয়াস ওয়েতে শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব এলাকা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি।

ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সাজেস্ট করছে যে, আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারবো না। এগুলো মনিটর করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কেনাবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো এখন কি সেটা কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলবো না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ সরকারের সার্বিক কাজে মোটামুটি নতুন কোনো শর্ত দেয়নি।