সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের জীবনাবসান

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শাহজাদপুরসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন দলীয় নেতাকর্মীরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাসিবুর রহমান স্বপনের ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনি এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সফার করেন এমপি স্বপন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় তিনি আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


একাত্তর/এআর