আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ। এ মামলায় বেশ কয়েকজন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা করবেন। আর পলাতকদের পক্ষে শুনানি করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা।
এর আগে, ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
র্যাবের টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া এই মামলায় ১০ জন গ্রেপ্তার আছেন। আসামিদের প্রথম সাতজন শেখ হাসিনা সরকারের র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং শেষের তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ২২ অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়। এই মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী পলাতক আছেন।