সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় ও হামলার কারণ জানা যায়নি।
আইএসপিআর জানায়, আহত শান্তিরক্ষীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া সুদানের আবেই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
এ নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট ১৭৪ জন শান্তিরক্ষী শহীদ হলেন।
১৯৮৮ সালে মাত্র ১৫ জন পর্যবেক্ষককে জাতিসংঘের ইরাক-ইরান মিলিটারি অবজারভার গ্রুপ মিশনে পাঠানোর মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর ‘নীল হেলমেট’ পরার যাত্রা শুরু হয়। পরের বছর ১৯৮৯ সালে এতে বাংলাদেশ পুলিশ যোগ দেয়। ১৯৯৩ সালে অংশগ্রহণ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী।
এ পর্যন্ত বাংলাদেশ সফলভাবে প্রায় ৪৩টি অঞ্চলে ৬৩টি শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে। যেখানে এক লাখ ৭৮ হাজার ৭৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী অংশ নিয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৬১৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ১০টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন।