মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে গুলি বন্ধ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবে হাজির হন দেশটির দূত উ কিয়াও সো মো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি।
এসময় কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আসা গুলিতে এক কিশোরীর গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ জানায়। বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার দায় সম্পূর্ণ মিয়ানমারকে নিতে বলা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সরকার উদ্যোগ নেবে বলে জানান।
এর আেগ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলার টেকনাফ সীমান্তের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ সংলগ্ন এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইনে বাংলাদেশি এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।