নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই প্রতিবেদন যখন ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ করছে, তখন বৈশ্বিক হিসাব পেশা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে দক্ষ হতে হবে।
‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।
এতে জাতীয় নেতৃত্ব, হিসাববিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কৌশলগত সংলাপ ও জ্ঞানভিত্তিক আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এবারের সম্মেলনে তিনটি টেকনিক্যাল সেশন ও একটি সমাপনী সেশনের মাধ্যমে ভবিষ্যৎ পেশা, এআই এবং টেকসই প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়। মূলত আধুনিক প্রযুক্তির সাথে হিসাব পেশার সমন্বয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল।