নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স থাকবে, আমাদের প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে বলা যায় আমাদের প্রস্তুতি খুবই ভালো।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং কিছু কিছু কেন্দ্রে ড্রোন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় সিলেটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।