যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তাহলে তার পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন এবং অন্যায় ও পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে মিডিয়ায় প্রচার করে দেবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের অনুষ্ঠিত সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনো লুকাছাপা নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। আমাদের পছন্দ-অপছন্দ ব্যক্তি নাগরিকের ভোট দেয়ার মধ্যে সীমাবদ্ধ। আর কোথাও নয়। আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি তখন শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই। সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।
এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ইসি মো. সানাউল্লাহ বলেন, আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বলপ্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে।
এ সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন।
জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।