তিন বছরে তিন ভিন্ন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি টানা তিন বছরে তিনটি আলাদা সরকারকে শপথবাক্য পাঠ করালেন—যা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শপথ নিয়েছিল রাষ্ট্রপতির কাছ থেকেই।
একই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, এবং সেই সরকারও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছেই শপথ নেয়।
সব মিলিয়ে ২০২৪, ২০২৫ ও ২০২৬—এই তিন বছরে তিনটি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত সরকারকে শপথ পড়িয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।