নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসেই তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধ থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছাবেন এবং এক নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে নিজের প্রথম কার্যদিবসের অফিস শুরু করবেন।
সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করবেন। এরপর সেখানেই দুপুরের খাবার গ্রহণ করবেন তিনি।
বিকেল তিনটায় সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে বরণ করে নিতে এরই মধ্যে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এক নম্বর ভবনসহ আশপাশের এলাকা সুসজ্জিত করা হয়েছে।