প্রধানমন্ত্রীর পিএস, এপিএস ও প্রটোকল অফিসার নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) ও প্রটোকল অফিসার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফে রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা আলাদা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগও রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর করা হয়েছে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। তার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো সরকার।