দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে দায়িত্ব শুরু করেছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার আইন মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, বরং কঠোর আইনি ব্যবস্থা হিসেবে দুর্নীতির মামলাও দেওয়া হবে।

সভায় আইনমন্ত্রী বিচারকদের সততা নিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সমাজে প্রায়ই দুর্নীতিবাজ বিচারক বা দুর্নীতিবাজ কর্মকর্তার কথা শোনা যায়। কিন্তু বাস্তব অর্থে বিচারক মানেই হলো একজন সৎ ব্যক্তি। তাঁর মতে, সততা বিচারক শব্দের একটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য; তাই বিচারকদের সৎ ও অসৎ, এই দুই ভাগে ভাগ করে দেখার কোনো অবকাশ নেই।

যাঁরা চাকরির বেতন বা সুবিধায় সন্তুষ্ট নন, তাদের উদ্দেশে মন্ত্রী এক কঠোর 'কমন মেসেজ' বা সাধারণ বার্তা দেন। তিনি বলেন, যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না বা পোষাবে না, তাঁদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক। কারণ বিচারকদের অবসরের পর ওকালতি করার সুযোগ থাকে।

দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, যদি কেউ মনে করেন দুর্নীতি করে পার পাবেন, তবে এখানে সেই সুযোগ পাবেন না। দুর্নীতির প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মামলাও করা হবে। এই বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে।

এর আগে সকালে আইন মন্ত্রণালয়ে পৌঁছালে দুই বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিচিতিমূলক এই সভায় আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।