এখন থেকে ১৬ বা ১৭ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বাংলাদেশি নাগরিকেরা। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে সাধারণত ১৭ বছর বয়স পূর্ণ হলে এনআইডি দেওয়ার প্রক্রিয়া শুরু করতো কমিশন।
ইসি এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা ওই চিঠিটি ইতিমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১৬ বা ১৭ বছর বয়সীরা জাতীয় পরিচয়পত্র পেলেও ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না। অর্থাৎ, এটি কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, তবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর।
নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। নতুন এই সিদ্ধান্তের ফলে তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ আরও আগেই রাষ্ট্রীয় পরিচয়পত্র ব্যবহারের সুযোগ পাবে, যা বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে।