পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশে শহীদ সেনা দিবস পালন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ সেনা দিবস উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।