গণতন্ত্রের যাত্রা শুরু, জামায়াতের ইফতারে বললেন প্রধানমন্ত্রী

নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধান বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে সরকারপ্রধানের উপস্থিতির ঘটনা এটি।

মাহফিলে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, শিল্প-সাহিত্য, ব্যবসা, গণমাধ্যম ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, কোটি মানুষ এমন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় দীর্ঘদিন অপেক্ষা করেছে। এবারের সংসদ হবে প্রাণবন্ত, যেখানে বিরোধী দল জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

taerk

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, হাজারো মানুষের অকাতরে প্রাণ বিসর্জনের বিনিময়ে আজকের এই গণতন্ত্র অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথকে মসৃণ রাখতে এবং দেশের উন্নয়নে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আগামীর রাজনীতি পরিচালিত হবে।