বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস কুয়েত, বাহরাইন, আরব আমিরাত ও কাতারের

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা।

সোমবার (২ মার্চ) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীরা এই আশ্বাস প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেলিফোন সংলাপে অংশ নেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি।

আলাপকালে মন্ত্রীরা জানান, তাদের দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবেই গণ্য করেন। তারা বাংলাদেশিদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

চলমান সংঘাতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং সাতজন আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশসমূহে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে তারা `অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সংকটকালীন এই সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।