প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি আগামী ১০ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচি প্রধানমন্ত্রীর নিজ জেলা বগুড়া থেকে উদ্বোধন করার কথা ছিলো। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সেই সফর স্থগিত করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে এবং আচরণবিধি লঙ্ঘন এড়াতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, আগামী এপ্রিলে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে কোনো ধরনের সরকারি কর্মসূচি যেন বিতর্কের সৃষ্টি না করে, সে বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তাই ভোটের আগে তিনি বগুড়ায় কোনো সরকারি কর্মসূচি রাখেননি।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশের নিম্নআয়ের পরিবারগুলোকে বিশেষ কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। ১০ মার্চ কড়াইল বস্তিতে উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।