সরকারের গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এক বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন এই সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া সচিবরা হলেন- কৃষি মন্ত্রণালয়ে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই চুক্তিতে কাজ করতে হবে।