পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন ভালো লেগেছে সবসময়ই, বৈঠক ভালো হয়েছে।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঢাকা সফরের প্রথমদিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক করতে বুধবার সকাল পৌনে নয়টায় তিনি মন্ত্রণালয়ে আসেন।
বৈঠকে তিনি ঢাকা–ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টা ২০ এ দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছান তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরে ডোনাল্ড লু’র উত্তরসূরি হিসেবে এটি তার প্রথম ভারত ও বাংলাদেশ সফর।
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকায় তিনদিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গও আলোচনা হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সচিবালয়ে যান জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। এরপর সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।