ঈদে বাস ভাড়া বেশি নিলে প্রয়োজনে রোড পারমিট বাতিল: মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে প্রয়োজনে সংশ্লিষ্ট বাসের রোড পারমিট বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার প্রস্তুতিমূলক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রী দাবি করেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। তিনি বলেন, সড়ক-মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারি থাকবে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সভায় সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ঈদের অন্তত ১০ দিন আগেই সব খানাখন্দ মেরামত করে সড়ক-মহাসড়ক চলাচলের উপযোগী করতে হবে। এছাড়া হাইওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের পাশে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করবে।

মন্ত্রী আরও জানান, সড়কে ফিটনেসবিহীন কোনো যানবাহন চলতে দেওয়া হবে না, নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য ছাড়া অন্য সব ভারী যানবাহন ঈদের সময় সড়কে চলাচল বন্ধ থাকবে। বন্দরে পণ্য খালাসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

শেখ রবিউল আলম জানান, এবারের ঈদে যাত্রী ভোগান্তি কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। ভাড়ার নৈরাজ্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হবে এবং জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।