হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নতুন দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার (৯ মার্চ) সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় আইজিপি জানান, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। এছাড়া যারা ‘মব’ সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ বাহিনীর তৎপরতা রয়েছে বলে জানান আইজিপি। পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পুলিশের পোশাক পরিবর্তন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।