ইউএনসিটিএডির মহাসচিব গ্রিনস্প্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরের সাক্ষাৎ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনে আঙ্কটাড (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১৬ মার্চ) নিউ ইয়র্কে আয়োজিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বিশ্ব অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে তারা পর্যবেক্ষণ করেন যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে সবচেয়ে গরিব দেশগুলো গত কয়েক বছরে অর্জিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও আঙ্কটাড মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা পরিহার করে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধানের পথে আসার আহ্বান জানান।

কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের একজন প্রার্থী। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী। বৈঠকে তারা নিজ নিজ প্রার্থিতার বিষয়েও আলোচনা করেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।