স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা সুদৃঢ় করা এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, চিকিৎসা-বিষয়ক গবেষণা, উন্নত চিকিৎসা সেবার বিনিময় এবং ক্যান্সার চিকিৎসার উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘জনগণ-কেন্দ্রিক’ বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন তারা।

উভয় দেশের অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ স্থাপন এবং চিকিৎসা শিক্ষার প্রসারে সহযোগিতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে ডিজিটাল এবং এআই-নির্ভর (কৃত্রিম বুদ্ধিমত্তা) স্বাস্থ্যসেবা খাতে একে অপরকে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই আলোচনার ফলে দুই দেশের স্বাস্থ্য খাতের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে এবং সাধারণ মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রাপ্তিতে লাভবান হবে।