এপ্রিলেও জ্বালানি তেলের সঙ্কট হবে না: জ্বালানি বিভাগ

আগামী এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সঙ্কট হবে না বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। বর্তমানে দেশে পর্যাপ্ত মজুত থাকার পাশাপাশি আমদানি করা তেলের নতুন চালান দেশে পৌঁছাতে শুরু করায় এই নিশ্চয়তা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি বিভাগ সূত্র জানায়, বর্তমানে দেশে এক লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে। এর বাইরে এপ্রিল মাসজুড়ে কয়েকটি জাহাজে করে আরও এক লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে আসার কথা রয়েছে। 

সূত্রটি জানায়, আমদানির এই প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবারএকটি এবং আগামী ৩ এপ্রিল আরও একটি তেলের জাহাজ বন্দরে পৌঁছাবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এদিকে সেচ মৌসুম বিবেচনায় রেখে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ করার জন্য মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

জ্বালানি বিভাগ থেকে জানানো হয়, কৃষিকাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।