একটি কার্যকর ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অংশীজনদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সরকার একটি কার্যকর ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই কমিশন গঠনের উদ্যোগটি কোনো চাপিয়ে দেওয়া বিষয় হবে না; বরং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়িত হবে। যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে। 

সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে একটি অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশীজনদের সঙ্গে লাগাতার মতবিনিময় করছি। আমরা এমন একটি কমিশন গঠন করতে চাই-যা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে।

বর্তমান সময়কে একটি রূপান্তরকালীন সময় উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী এক গতির মধ্য দিয়ে নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। ডিজিটাল যুগের এই আশীর্বাদের গতির সঙ্গে তাল মেলাতে পুরোনো প্রজন্মের অনেকেরই কষ্ট হচ্ছে। এই সময়ে সঠিক তথ্য প্রবাহ বজায় রাখা গণমাধ্যমের প্রধান দায়িত্ব।

তিনি সতর্ক করে বলেন, অবাধ তথ্য প্রবাহের বিস্তৃতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য ও ভুয়া তথ্য প্রচারের সুযোগও প্রসারিত হয়েছে। ডিজিটাল ভিউয়ারদের এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় তথ্য মন্ত্রণালয় নতুন কর্মকৌশল নির্ধারণ করছে উল্লেখ করে এক্ষেত্রে তিনি নতুন জন্ম নেওয়া সংবাদমাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।