জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ জুন দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বুধবার (১৩ মে) আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেয়। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় ২০২৪ সালের ১৯ জুলাই শিক্ষার্থী পারভেজ, ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন।
এসব অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে ১৮টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় ৩০০ পৃষ্ঠার দালিলিক নথি এবং ৬১ জন চাক্ষুষ সাক্ষীর তালিকাও জমা দিয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
এদিকে, চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পলাতক হাছান মাহমুদসহ ১৭ জনের আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।