বাস-ট্রেনে বাড়ছে ভিড়, সোমবার থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। অন্যদিকে, তীব্র গরমের কারণে বাস কাউন্টারগুলোতে এসি বাসের টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে।

রোববার (২৪ মে) সরেজমিন, ঈদুল আজহা উপলক্ষে শেষ কর্মদিবস হওয়ায় নগরীর কর্মমুখী মানুষদের বাড়ি ফেরার তাড়া এখনও পুরোপুরি তুঙ্গে ওঠেনি। এরপরও রাজধানীর বাস টার্মিনালগুলোতে উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা গেছে। তবে তীব্র গরমের কারণে অধিকাংশ যাত্রীরই প্রথম পছন্দ এসি বাসের টিকেট। এর পাশাপাশি পথের কিছু ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে, ঢাকার কমলাপুর রেলস্টেশনে এখও হুড়মুড় করা উপচে পড়া ভিড় তৈরি হয়নি। দু-একটি ট্রেন বাদে স্টেশন থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদযাত্রাকে আরও নির্বিঘ্ন করতে সোমবার (২৫ মে) থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোতে বাড়তি ৫১টি বগি যুক্ত করা হবে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

শিডিউল বিলম্বের বিষয়ে মন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ট্রেনে বড়ো কোনো শিডিউল বিপর্যয় নেই। কিছু ট্রেনে সামান্য বিলম্বের মূল কারণ হলো রেললাইনে খড়কুটা থাকা।