জুনে একাধিক তাপপ্রবাহের আভাস, পুড়ছে ৪০ জেলা

চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টি না হওয়ায় গরমের অনুভূতি তীব্র হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। দিনভর ভ্যাপসা গরমে জনজীবনে রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ বুধবারও (৩ জুন) অব্যাহত থাকতে পারে।

সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমের এই অস্বস্তি বজায় থাকার সম্ভাবনাই বেশি।

তাপপ্রবাহের মধ্যেই দেশের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী— ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।