এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি, এই বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন তিনি। 

বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের যে উত্তরণ হয়েছে এই বিজয় তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বিজয় সমগ্র বাংলাদেশের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় সমর্থনে সম্পন্ন হয়েছে।

এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। 

পররাষ্ট্র মন্ত্রীর পদ ছাড়বেন কী না? এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ৪০ বছর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে দুই পদে দায়িত্ব পালনের নজির আছে।