বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সংযোগের গুরুত্বকে তুলে ধরে আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিনাল ত্রিবেদী।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে দিনেশ ত্রিবেদীকে অভ্যর্থনা জানান ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়ে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থলবন্দর দিয়ে নতুন রাষ্ট্রদূতের এই আগমন একটি প্রতীকী তাৎপর্য বহন করে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সংযোগের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।
এর আগে, গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।
দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য থাকাকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের আমলে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং পরের মাসে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।