ডুলাহাজরায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে এসে চকরিয়ার ডুলাহাজরা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে তিনি এই মেগা কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সকালে বিশেষ সফরে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দরে নামার পর এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে সভাস্থলগুলোর উদ্দেশে রওনা হন। এ সময় তার গাড়ির সামনের পাশের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এছাড়া গাড়ির পেছনের আসনে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমেদ।

বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী প্রথমে পিএমখালীতে নির্ধারিত খাল খনন কর্মসূচির উদ্বোধনী স্থলে যান। সেখানে কর্মসূচি শেষ করে তিনি আবারও নিজে গাড়ি চালিয়ে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দর থেকে ডুলাহাজরা পর্যন্ত পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ জনতা ও দলীয় নেতা-কর্মীরা রাস্তার দুপাশে ভিড় জমান। গাড়ি বহর যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন।

ডুলাহাজরা সাফারি পার্কে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবান জানান।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।