রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট নাগাদ এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে ১৬ কিলোমিটার (পূর্বে) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৬ কিলোমিটার।
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে ঘন ঘন মৃদু ও মাঝারি মাত্রার ভূকম্পন হচ্ছে। যার মধ্যে সাম্প্রতিক কিছু কম্পনের উৎপত্তিস্থল ছিল ভুটানের মতো প্রতিবেশী দেশগুলো।
এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।