স্বার্থ অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে চলবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক মহলে এমনি বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

শনিবার (২৭ জুন) রাজধানীর চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)–এর ‘প্রামাণ্যচিত্র নিমার্ণ কোর্স’–এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর এই বার্তাই দেয় যে, বাংলাদেশ নিজের অভ্যন্তরীণ ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্টতা বজায় রেখে নিজস্ব সার্বভৌমত্ব ও স্বাধীন নীতিতে কাজ করবে। এই দুই দেশের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ডা. জাহেদুর রহমান জানান, মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এদিকে সম্প্রতি ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে, সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশে নতুন করে কোনো রাজনৈতিক চাপ তৈরি করবে না। বরং এটি ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও ইতিবাচক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে বড়ো ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

এর আগে বিসিটিআই–এর মিলনায়তনে প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সফল সমাপ্তি ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপদেষ্টা জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।