চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন।
মালয়েশিয়া ও চীন—এই দুই দেশে সফল রাষ্ট্রীয় সফরের ওপর জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্র পরিচালনায় তার দল ও সরকারের মূল দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। দেশের যেকোনো সিদ্ধান্ত ও অর্জনে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
সংসদের সব সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা—উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য। সেজন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব সদস্য, বিরোধীদলীয় নেতাসহ সর্বস্তরের সংসদ সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশের মানুষের মঙ্গলের জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।