গভীর বঙ্গোপসাগর উত্তাল, সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে বন্দরে সতর্কবার্তা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে।

একই সঙ্গে পটুয়াখালীসহ দেশের ৯টি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গভীর সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় শনিবার (৪ জুলাই) সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশে কখনও মেঘ, কখনও রোদের দেখা মিললেও সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকার নদ-নদী এখন পর্যন্ত শান্ত থাকলেও গভীর সাগর বেশ উত্তাল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গভীর সাগরে থাকা অনেক মাছ ধরার ট্রলার ইতিমধ্যে উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় এবং ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পটুয়াখালীসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।