গ্রামীণ প্রকল্পগুলোর শতভাগ সুফল নিশ্চিতের নির্দেশ মির্জা ফখরুলের

গ্রামের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রতিটি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের শতভাগ সুফল সাধারণ মানুষের কাছে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রতিটি গ্রামে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডসহ (বিআরডিবি) সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। 

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অতীত সরকার দেশের পল্লী উন্নয়নে যতোটুকু কাজ করেছে, তার চেয়ে অনেক বেশি অনিয়ম করেছে। পল্লী উন্নয়নের নামে গ্রামগঞ্জে তারা কোনো কার্যকরী উন্নয়ন করেনি, বরং জনগণের বিশ্বাস ভঙ্গ করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। 

এ সময় তিনি দেশের দারিদ্র্য বিমোচনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগোপযোগী পদক্ষেপ এবং নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ অবদানের কথা স্মরণ করেন।

প্রতি বছর ছয় জুলাই দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়ন কার্যক্রমে জড়িতদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই দিবসটি পালিত হয়। 

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সবাইকে সেক্টরকে সঠিক ও কার্যকরী পরিকল্পনা অনুযায়ী সাজাতে হবে।

এর আগে রোববার (৫ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচিবালয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চলের মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।