বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন এবং পরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে দেশের প্রাকৃতিক খাল-বিল ও জলাশয় রক্ষা করার জন্য সবার প্রতি আহবান জানান।
উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী জানান, গৌরনদী এলাকায় ইতিমধ্যে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। পর্যায়ক্রমে দেশের চার কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেই ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং এবারের জাতীয় বাজেটে এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে একটি বড়ো পরিবর্তন আনা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে যেন ভালো থাকতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। ধৈর্য ধরে একসঙ্গে চললে দেশকে প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।
দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দেন। তিনি ঘোষণা করেন, নারীদের স্বাবলম্বী করতে স্নাতক (পাস) ও সমমান পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করা হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যারা ভালো ফলাফল করবেন, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রী সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় একযোগে ২৫০০ গাছের চারা রোপণ করা হয়।
সেখানে দেশে প্রয়োজনীয় পরিমাণের চেয়ে গাছের সংখ্যা কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোকে নিজের শিশুর মতো যত্ন নিয়ে বড়ো করতে হবে। একই সঙ্গে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর গুরুত্বারোপ করে বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে হবে এবং তা হতে হবে মানবিকতার ভিত্তিতে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ। যতোদিন জনগণ পাশে থাকবে, ততোদিন সব বাধা পেরিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।